▌ মৃত মানুষের উছিলায় দু’আ করা প্রসঙ্গ ▌
আল্লামা কাস্তালানী (র:) বলেন, আমি একবার এমন কঠিন রোগে আক্রান্ত হই যে,ডাক্তারগণ পর্যন্ত নিরাশ হইয়া যায়। অবশেষে আমি মক্কা শরীফ অবস্থানকালে হুজুর ﷺ এর উছিলায় দোয়া করিলাম। রাত্রি বেলায় আমি স্বপ্নে দেখি, এক ব্যক্তির হাতে একটি কাগজের টুকরা, তাহাতে লেখা রহিয়াছে, ইহা আহমাদ বিন কাস্তালানীর জন্য ওষুধ। হুজুরে পাক ﷺ এর তরফ থেকে তাহার নির্দেশে (?) ইহা দান করা হইয়াছে। আমি ঘুম হইতে জাগ্রত হইয়া দেখি আমার মধ্যে রোগের কোন চিহ্ন নাই।
[ফাজায়েলে হজ্জ্ব -২৫৫ পৃষ্ঠা, ৬ নং কাহিনী]
☞
১। মন্তব্য:
মৃত মানুষের উছিলায় দু’আ করার বিধান ইসলামী শরীয়তে নাই! এমন দু’আ করা শিরকের পর্যায়ে পড়ে। যেহেতু রসুল ﷺ মৃত, সুতরাং উপরোক্ত ঘটনা সত্য হতে পারে না। অথবা হতে পারে এটি আল্লামা কাস্তালানী (র:) এর নামে নিরেট জাল বর্ণনা।
২।
বৈধ ওসিলা তিনটি। যথা:
🔵 আল্লাহ নাম ও গুণাবলীর ওসিলায় আল্লাহর নিকট দুয়া করা। যেমন এভাবে বলা যে, হে আল্লাহ, আপনার রহমান (পরম দয়ালু) নামের গুণে আমার উপর দয়া করুন, আপনার গাফফার (পরম ক্ষমাশীল) নামের ওসিলায় আমাকে ক্ষমা করুন.. ইত্যাদি।
মহান আল্লাহ বলেন,
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
“আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ওসিলায় (মাধ্যমে) তোমরা তাঁকে ডাক। [সূরা আরাফঃ ১৮০]
🔵 নিজের কোনো ভাল কর্মের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দুআ করা। এভাবে বলা, হে আল্লাহ, তুমি আমার সালাত, সিয়াম, পিতা-মাতার সাথে সদাচরণ, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ভালবাসা (ইত্যাদি যে কোন নেক কাজ) এর ওসিলায় আমার দুআ কবুল কর। এ ক্ষেত্রে সহীহ বুখারীর হাদিসে আছে, তিন যুবক এক গুহায় আটকা পড়লে তারা প্রত্যেকে নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দুয়া করেছিলো এবং এর মাধ্যমে তারা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলো।
🔵 কোন জীবিত সৎ লোকের দুআর ওসিলা দিয়ে দুআ করা। কারো দুআর ওসিলা দেওয়ার অর্থ এ কথা বলা যে, হে আল্লাহ, অমুক আমার জন্য দুআ করেছেন, আপনি আমার বিষয়ে তাঁর দুআ কবুল করে আমার হাজত পূরণ করে দিন। নেককার মুত্তাকি মুমিনদের নিকট দুআ চাওয়া সুন্নাত সম্মত রীতি এবং হাদিস দ্বারা প্রমাণিত।
হাদিসে আনাস ইবনে মালিক (রা) বলেন,
إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنك فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ
“উমর রা. যখন অনাবৃষ্টিতে আক্রান্ত হতেন তখন আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে রা. দিয়ে বৃষ্টির দুআ করাতেন, অতঃপর বলতেন: হে আল্লাহ আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওসিলায় আপনার নিকট প্রার্থনা করতাম ফলে আপনি আমাদের বৃষ্টি দান করতেন। এখন আমরা আপনার নিকট প্রার্থনা করছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচার ওসিলায়। অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। আনাস রা. বলেন, তখন বৃষ্টিপাত হতো।” [বুখারী, আস-সহীহ ১/৩৪২, ৩/১৩৬০]